নিজস্ব প্রতিবেদক
জাতীয় সম্পদ সংরক্ষণ এবং জ্বালানি সংকটের বিষয়টি মাথায় রেখে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল আচরণ করার তাগিদ দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান।
শনিবার দুপুরে কুষ্টিয়ার খোকসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লংমার্চের নামে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল অপচয় করা হচ্ছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি বলেন, প্রাথমিক অবস্থায় জ্বালানি সংকটের কথা বলা হলেও এখন লংমার্চের ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য সামনে আনা হচ্ছে, যা কেবল সাধারণ মানুষের দুর্ভোগই বাড়াবে।
জনগণের ম্যান্ডেট সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং আইনগতভাবে তা সংবিধান সংশোধনের মাধ্যমে নিশ্চিত করা হবে। এই উদ্দেশ্যে বিরোধী দলকেও কমিটিতে বসার আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি খোকসা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং পরবর্তীতে মরহুমা খালেদা জিয়ার স্মরণে আয়োজিত জনসভায় অংশ নেন।